৩ জেলায় আজ ভিডিও কনফারেন্স করবেন শেখ হাসিনা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ এএম, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ | ১০২১

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ তিনটি জেলায় নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনা নিজের বাসভবন ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় অনুষ্ঠেয় তিনটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

এর আগে, ২০ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি রাজশাহী, জয়পুরহাট, নড়াইল ও গাইবান্ধায় নির্বাচনী জনসভায় যোগ দেন। এছাড়া ১৯ ডিসেম্বর এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি।

১২ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোপালগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন শেখ হাসিনা। নির্বাচনী সফরে দ্বিতীয় পর্বে ২২ ডিসেম্বর সিলেট সফর করেন এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এক জনসভায় বক্তৃতা দেন তিনি। সেখানে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহ পরাণ (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করেন শেখ হাসিনা।

এরপর ২৩ ডিসেম্বর তিনি রংপুর ও দিনাজপুর সফর করেন এবং এই দুই উত্তরাঞ্চলীয় জেলায় বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় বক্তৃতা দেন। এছাড়া ২১ ও ২৪ ডিসেম্বর রাজধানীর গুলশান ও কামরাঙ্গীরচরে দু’টি নির্বাচনী জনসভায়ও বক্তৃতা দেন শেখ হাসিনা।