লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১০৮

টাঙ্গাইলের মির্জাপুরে চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধারকাজ ও রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। বিকট শব্দ শুনে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

তবে বগিটি লাইনচ্যুত হওয়ার সময় রেললাইনের ব্লক পয়েন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত হওয়ায় বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। আকস্মিক এ পরিস্থিতিতে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধ যাত্রীদের দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হয়।

দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের জন্য ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। পরে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার ও মেরামতকাজ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।

মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রকিবুল হাসান জানান, বর্তমানে ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল চালু হয়েছে। তবে মিটারগেজ লাইনে চলাচল এখনো বন্ধ রয়েছে। এ কারণে বিভিন্ন স্টেশনে কিছু ট্রেন আটকে আছে। ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার এলাকায় ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।