৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ৮৭
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।
 
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলেন, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটি প্রায় এক কিলোমিটার লাইনচ্যুত বগি টেনে নিয়ে যায়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কোচের ক্ষয়ক্ষতি, স্লিপার ভেঙে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে। 
 
পাকশী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, বিভাগীয় দপ্তর থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসছে। লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।