সাড়ে তিন ঘন্টা পর মির্জাপুরে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শুরু
সাড়ে তিন ঘন্টা পর টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগির উদ্ধার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুডুর একটার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে এ উদ্ধার কাজ শুরু করে।
এর আগে সকাল সাড়ে ৯ টায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলেন, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটি প্রায় এক কিলোমিটার লাইনচ্যুত বগি টেনে নিয়ে যায়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কোচের ক্ষয়ক্ষতি, স্লিপার ভেঙে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে।
পাকশী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
