টাঙ্গাইলে এআই প্রযুক্তিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
টাঙ্গাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা উন্নয়নে দুই মাস মেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় শহরের আশেকপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়িত ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের অন্যতম আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ভর্তি পরীক্ষায় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে মোট ১৮৮ জন শিক্ষার্থী অংশ নেন।
সকালে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর (সংযুক্তি) আবু তাহের মো. রাকিব। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস কে এম জিয়াউল বারী, সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রতিষ্ঠানের জেলা শাখার প্রশিক্ষক ও গ্রাফিক্স ডিজাইনার সঙ্গীতা সরকার, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক মো. রানা আহমেদ, ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইনার প্রশিক্ষক মাহবুবুর রহমান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষক পিয়াল বসাকসহ অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা ভর্তি পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন।
পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, লিখিত পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের জানানো হবে। আগামীকাল রোববার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এরপর চূড়ান্তভাবে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।
উল্লেখ্য, দেশের ৬৪ জেলায় বাস্তবায়নাধীন এ জাতীয় প্রকল্পের মূল লক্ষ্য হলো তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবক ও যুব নারীদের আধুনিক এআই প্রযুক্তি, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করে আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস, দক্ষ ফ্রিল্যান্সার ও প্রযুক্তি উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করাও এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তরুণ-তরুণীরা প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বাজারে নিজেদের দক্ষ ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।
