মাভাবিপ্রবিতে ফুসফুসের ক্যানসার সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১১০

ফুসফুসের ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সুস্থ ফুসফুস ও স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘লাং ক্যানসার অ্যাওয়ারনেস মান্থ: নভেম্বর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘Empowering Youth for Healthy Lungs’।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান এবং লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফ আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এস এম নাজমুল আলম।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির অনকোলজি বিভাগের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহফুজুল হক।

আয়োজকেরা জানান, ফুসফুসের ক্যানসার একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি। এ রোগ সম্পর্কে সঠিক ধারণা, ঝুঁকির কারণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তাঁরা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিষয়ক জ্ঞান বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা তৈরি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।

সেমিনারে ফার্মেসি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।