যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
আগামী শনিবার সকাল ১১টায় এইচএসসির ফল প্রকাশ
আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মাওলানা ভাসানী একজন আইকনিক ব্যক্তিত্ব। তাঁর জীবন থেকে অনেক কিছু শেখার রয়েছে। এ কারণেই বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে তাঁর নামে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর আদর্শ থেকে অনেক কিছু শিখতে পারেন। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপি ও প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আগামীর বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন।
নতুন শিক্ষাবর্ষে যথাসময়ে বই বিতরণ করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালে দায়িত্ব পাওয়ার পর ২০০২ সালের জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতা ২০০৬ সাল পর্যন্ত বজায় ছিল। এবারও যথাসময়ে বই বিতরণ করা হবে। ২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে। বইয়ের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হবে না। মানসম্মত ও সুন্দর বই কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চারটি নতুন বই প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে চতুর্থ শ্রেণির জন্য ‘সংস্কৃতি ও খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ (আনন্দময় শিক্ষা) ও ‘আমার কারিগরি শিক্ষা’ রয়েছে। পাশাপাশি জেলা শহরগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের শেখানো ও সচেতন করার লক্ষ্যে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ঐচ্ছিক বই দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান প্রমুখ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিণ করে।
