টাঙ্গাইলে হাত বাড়ালেই মাদক, নিয়ন্ত্রণে জনবল মাত্র ১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ৮০

টাঙ্গাইলের ১২টি উপজেলায় উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে মাদকের বিস্তার। শহর থেকে প্রত্যন্ত গ্রামের অলিগলি—সবখানেই মিলছে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও সিসার মতো মাদকদ্রব্য।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় মাদকসেবীর সংখ্যা দুই লাখের বেশি। অথচ প্রায় ৪০ লাখ মানুষের এই জেলায় মাদক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন মাত্র ১৯ জন কর্মকর্তা-কর্মচারী। জনবলসংকট, সীমিত নজরদারি এবং মাদক কারবারিদের অভিনব কৌশলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি হিসাবের চেয়েও জেলায় মাদকসেবীর প্রকৃত সংখ্যা অনেক বেশি। মাদকের বিস্তার শুধু তরুণ সমাজকেই বিপথগামী করছে না, ভেঙে দিচ্ছে অসংখ্য পরিবার। মাদকাসক্ত সন্তানের অত্যাচার ও নেশার টাকার জোগান দিতে গিয়ে অনেক অভিভাবক সর্বস্বান্ত হচ্ছেন। কেউ সন্তানকে সংশোধনাগারে পাঠাচ্ছেন, আবার কেউ বাধ্য হয়ে প্রশাসনের সহায়তায় কারাগারে পাঠাচ্ছেন।

জানা গেছে, টাঙ্গাইল জেলায় অনুমোদিত মাদক বিক্রয়কেন্দ্র রয়েছে মাত্র পাঁচটি। তবে বাস্তবে জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদক কেনাবেচা চলছে। এতে কিশোর-কিশোরী, স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ, পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, পরিবহনশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়িয়ে পড়ছেন। এমনকি নারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষকও মাদকসেবনের সঙ্গে যুক্ত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

গত অক্টোবর মাসে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে আলোচনা হয়। সভায় কয়েকজন সদস্য দাবি করেন, জেলায় মাদকাসক্তের হার ২০ শতাংশের বেশি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদ্য বিদায়ী সহকারী পরিচালক মো. আহসানুল কবীর বুলবুল জানান, টাঙ্গাইলে মাদকাসক্তের হার ৫ শতাংশের বেশি। সে হিসাবে জেলায় মাদকসেবীর সংখ্যা দুই লাখেরও বেশি।

পাচারে অভিনব কৌশল

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান সত্ত্বেও থামছে না মাদকের কারবার। প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে নানা কৌশল অবলম্বন করছে। বালুবাহী ট্রাক, কাভার্ড ভ্যান এমনকি মুরগির বাচ্চা পরিবহনের গাড়িতেও বিশেষ চোরাগোপ্তা জায়গা তৈরি করে মাদক পাচার করা হচ্ছে।

অন্যদিকে খুচরা বিক্রেতারা নির্দিষ্ট কোনো স্থানে অবস্থান না করে নির্জন জায়গা, ফাঁকা সড়ক কিংবা চলন্ত যানবাহনে মাদক কেনাবেচা করছে। সাংকেতিক চিহ্ন ব্যবহার করে দ্রুত লেনদেন শেষে তারা সরে পড়ছে। জেলার গারোবাজার, দেওপাড়া, সাগরদীঘি, গোবিন্দাসী ও এলেঙ্গাসহ বিভিন্ন এলাকাকে মাদক পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

১২ উপজেলায় বিস্তৃত মাদকের নেটওয়ার্ক

অনুসন্ধানে জানা গেছে, জেলার প্রতিটি উপজেলায় গড়ে ২০ থেকে ২৫টি স্থানে নিয়মিত মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। এসব স্থানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আনাগোনাও বেশি দেখা যায়।

জেলা সদরের করটিয়া, মহেষখোলা, বিশ্বাসবেতকা, পদ্মপুকুরপাড়, নজরুল সেনা স্কুলের আশপাশ ও থানাপাড়াসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে।

মধুপুর উপজেলার চাড়ালজানি, শহীদ মিনার চত্বর, দেবের পুকুরপাড়, শেওড়াতলা, পুন্ডুরা, আদালতপাড়া, টুনিয়াবাড়ী, সিঅ্যান্ডবি মোড়, টেংরি টেকনিক্যাল কলেজের কাছাকাছি এলাকা, ক্বারী বাসস্ট্যান্ড, গোরস্থানপাড়া, জলছত্র, হলদিয়া স্কুল এলাকা ও মাস্টারপাড়াসহ অন্তত অর্ধশত স্থানে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে।

ঘাটাইল উপজেলার গারোবাজার, সাগরদীঘি, ফুলমালির চালা, দেওপাড়া, মাইধারচালা, সিদ্দিখালী বাজার ও মাকরাইসহ অন্তত ৩০টি পয়েন্টে মাদক পাওয়া যায় বলে জানা গেছে।

গোপালপুর উপজেলার নন্দনপুর, পুরাতন তেলের পাম্প, সুন্দর পশ্চিমপাড়া, শিমলাবাজার রোড, ডাকবাংলো রোড, আভুঙ্গী, কোনাবাড়ী, ভূয়ারচক, মৃদ্ধাবাড়ী, সূতি, পাগলা বাজার, মধুপুর ভট্ট ও ঝাওয়াইল সান্দারপট্টিসহ অন্তত ২০টি স্থানে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে।

ধনবাড়ী উপজেলার কালীপুর, কেরামজানি বাজার, মুশুদ্দি শয়া, জাগিরাচালা, গরমবাজার, ধোপাখালি ও ভাইঘাটসহ অন্তত ১৫টি পয়েন্টে মাদকের কারবার চলছে। কালিহাতী উপজেলা সদর, হামিদপুর, বল্লা, কোকডহরা, চারান ও এলেঙ্গাসহ প্রায় ৩০টি স্থানে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। জেলার অন্যান্য উপজেলাতেও একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছেন স্থানীয়রা।

মাদকের ছোবলে নিঃস্ব পরিবার

মাদকের বিস্তারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবারগুলো। সরেজমিনে জানা যায়, মধুপুরের নরসুন্দর এস চন্দ্র দাসের (ছদ্মনাম) স্বপ্ন ছিল সন্তানদের উচ্চশিক্ষিত করার। কিন্তু এলাকায় মাদকের বিস্তার ও ছেলের বিপথগামিতার আশঙ্কায় তিনি ছেলের পড়াশোনা বন্ধ করে নিজের পেশায় যুক্ত করতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে চাকরিজীবী আলী হোসেন মাদকাসক্ত সন্তানকে স্বাভাবিক জীবনে ফেরাতে ব্যর্থ হয়ে এবং নেশার টাকার চাহিদা মেটাতে গিয়ে শেষ পর্যন্ত শহরের বসতভিটা বিক্রি করে দিয়েছেন।

টাঙ্গাইল শহরের বটতলার টাইলস মিস্ত্রি সাদ্দাম হোসেনের মাদকাসক্তি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যরা প্রশাসনের সহায়তায় তাঁকে কারাগারে পাঠিয়েছেন। এ ধরনের ঘটনা এখন প্রায়ই ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এমনকি মাদকাসক্ত সন্তানের হাতে বাবা-মা হত্যার মতো ঘটনাও জেলার বিভিন্ন স্থানে ঘটেছে।

শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে তিন-চারজন স্কুলশিক্ষক বলেন, শিক্ষার্থীদের একটি অংশ নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আরও সতর্ক হওয়া প্রয়োজন।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেন, টাঙ্গাইলে তরুণ, যুবক ও শ্রমজীবী মানুষের মধ্যে মাদকাসক্তির প্রবণতা বেশি দেখা যাচ্ছে। শহরের অটোরিকশাচালকদের একটি বড় অংশ মাদকসেবী হয়ে পড়েছেন। তাঁদের অনেকেই মাদক কেনাবেচার সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে।

নয় মাসে সহস্রাধিক অভিযান

মাদক নিয়ন্ত্রণে অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরে সদ্য বিদায়ী সহকারী পরিচালক মো. আহসানুল কবীর বুলবুল বলেন, গত নয় মাসে টাঙ্গাইলে এক হাজারের বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৫৪৮টি মামলা হয়েছে এবং মাদকসহ ৫৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ জানান, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক প্রতিরোধের অভাবে মাদক গ্যাং ও কিশোর গ্যাং নানা অপকর্মের সুযোগ পাচ্ছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো কমিটিতে না রাখার জন্য উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সন্ধ্যার পর অযথা আড্ডা বন্ধের বিষয়েও বলা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু জানান, মাদক শুধু একজন নেশাগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না, বরং পুরো পরিবার ও সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। একই সঙ্গে সামাজিক ঐক্য গড়ে তুলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, মাদকের বিস্তার রোধে শুধু অভিযান ও গ্রেপ্তার যথেষ্ট নয়। সীমান্তবর্তী ও পরিবহন রুটে নজরদারি জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা এবং পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অন্যথায় মাদকের বিস্তার রোধের পাশাপাশি নতুন প্রজন্মকে রক্ষা করাও কঠিন হয়ে পড়বে।