ডিজেল সরবরাহে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত: রণধীর জয়সওয়াল
বাংলাদেশের পক্ষ থেকে ডিজেল সরবরাহের যে অনুরোধ করা হয়েছে, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে নাগরিকদের সরিয়ে নেয়া কিংবা জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে ভারত কি তার প্রতিবেশী রাষ্ট্র, যেমন বাংলাদেশ বা নেপালের কাছ থেকে কোনো অনুরোধ পেয়েছে?
এর জবাবে মুখপাত্র বলেন, আপনারা জানেন, ভারত পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের একটি প্রধান রফতানিকারক দেশ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর জন্য। আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে ডিজেল সরবরাহের একটি অনুরোধ পেয়েছি, যা বর্তমানে পর্যালোচনাধীন। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে কেন্দ্র করে ‘জনকেন্দ্রিক’ এবং ‘উন্নয়নমুখী’ দৃষ্টিভঙ্গির কারণে ২০০৭ সাল থেকে নুমালিগড় রিফাইনারি থেকে জলপথ, রেলপথসহ বিভিন্ন উপায়ে এবং পরবর্তীতে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের আওতায় ডিজেল সরবরাহ করে আসছি। পারস্পরিক সম্মতির ভিত্তিতে হাই-স্পিড ডিজেল সরবরাহের জন্য ২০১৭ সালের অক্টোবরে নুমালিগড় রিফাইনারি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মধ্যে একটি বিক্রয়-ক্রয় চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল।
তিনি জানান, ২০১৭ সাল থেকে বাংলাদেশে ডিজেল রফতানি অব্যাহত থাকলেও তাদের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় ভারত নিজের পরিশোধন সক্ষমতা, নিজস্ব চাহিদা এবং ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নেবে।
জয়সওয়াল আরো বলেন, আমরা শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ কয়েকটি দেশের কাছ থেকে একই ধরনের অনুরোধ পেয়েছি এবং আমাদের নিজেদের জ্বালানি চাহিদা ও প্রাপ্যতা বিবেচনা করে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
