প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে এসে

নাগরপুরে রিকসায় ওড়না পেচিয়ে অন্তঃস্বত্বার মৃত্যু

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮ | ৭৭২

টাঙ্গাইলের নাগরপুরে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে এসে রিকসার সাথে গলায় ওড়না পেচিয়ে ব্রীজ থেকে ৫০ ফুট নিচে খাদে পড়ে এক অন্তঃস্বত্বার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

অন্তঃস্বত্বা গৃহবধূর নাম রাহেলা বেগম(৪৫)। সে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার কুরকি গ্রামের বেলায়েত সিকদারের স্ত্রী। শুক্রবার সকালে উপজেলা সদরের থানা কমপ্লেক্সের সামনে বেইলি ব্রীজের ওপর এ দূর্ঘটনাটি ঘটে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন দূর্ঘটনায় অন্তঃস্বত্বার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্তঃস্বত্বা গৃহবধু রাহেলা বেগম সকাল সাড়ে দশটার দিকে আল্ট্রাসনোগ্রাম করার জন্য নাগরপুর পদ্মা ক্লিনিকে আসে। সেখানে সিরিয়াল লিখে বাজারের একটু অদুরে মীরনগর গ্রামে তার এক আত্মীয় বাড়ির উদ্দ্যেশ্যে রিকসাযোগে রওয়ানা দেয়।

রিকসাটি থানা কমপ্লেক্স সংলগ্ন বেইলি ব্রীজে ওপর ওঠা মাত্র তার গলার ওড়নাটি রিকসার চাকায় পেচিয়ে যায়। এ সময় অন্তঃস্বত্বা ওই গৃহবধু রিকসাটি থামাতে বলে। চালক আচমকা রিকসাটি নিয়ন্ত্রন করলে ভারসাম্য রক্ষা করতে না পেরে ওই গৃহবধু ব্রীজের ওপর থেকে কমপক্ষে ৫০ ফিট নিচে খাদে পরে যায়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ৫০ শয্যা নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মো. রোকনুজ্জামান খান জানান, হাসপাতালে পৌছার আগেই ওই গৃহবধুর মৃত্যু হয়েছে।