টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটেংগরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে নিহতদের তিনজন একই পরিবারের সদস্য।
যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, কালিহাতি উপজেলার ধলাটেংগর এলাকায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ। ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত জানাতে পারব।
