অনশনরত সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নিয়ে গেল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ পিএম, শনিবার, ১৮ জুলাই ২০২৬ | ৫০

ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরণ অনশনের ২১তম দিনে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিক্ষাবিদ ও পরিবেশবাদী সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেছে নয়াদিল্লি পুলিশ। আজ শনিবার সকালে তাকে অনশনস্থল থেকে তুলে নিয়ে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। খবর রয়টার্স।

গত মে মাসে অনুষ্ঠিত দেশটির জাতীয় পর্যায়ের একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হন। এর প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন অনশন শুরু করেন ৫৯ বছর বয়সী এ অধিকারকর্মী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সোনম ওয়াংচুকের এ আন্দোলন দেশজুড়ে ব্যাপক জনসমর্থন তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিবাদের ভিডিও ও বার্তা লাখ লাখ শেয়ার ও ভিউ অর্জনের মাধ্যমে নাগরিক ক্ষোভকে আরো উসকে দিয়েছে। এ পরিস্থিতি বর্তমান সরকারের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

আজ ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে দেখা যায়, অনশনস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও সাদা পোশাকের নিরাপত্তা কর্মী এসে মঞ্চটি বড় সাদা কাপড় দিয়ে ঘিরে ফেলেন এবং ওয়াংচুককে সেখান থেকে সরিয়ে নেন। তবে নিরাপত্তা বেষ্টনীর কারণে টেলিভিশনের ভিজ্যুয়ালে ওয়াংচুককে দেখা যায়নি।

ডেপুটি পুলিশ কমিশনার শচীন শর্মা ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশনা, চিকিৎসকদের পরামর্শ এবং শারীরিক অবস্থা বিবেচনা করে জরুরি চিকিৎসার জন্য সোনম ওয়াংচুককে একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে অনশনের কারণে ওয়াংচুকের স্বাস্থ্য ভেঙে পড়ায় তাকে জোরপূর্বক খাওনোর (ফোর্স-ফিডিং) নির্দেশনা চেয়ে আদালতে একটি রিট আবেদন করা হয়। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট কর্তৃপক্ষকে তার স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখার এবং প্রয়োজন হলে হস্তক্ষেপের নির্দেশ দেন।

এদিকে অনশনস্থল থেকে সিজেপির বেশ কয়েকজন সমর্থককেও সরিয়ে দিয়েছে পুলিশ। টেলিভিশন ফুটেজে এক নারী আন্দোলনকারীকে নারী পুলিশের গাড়িতে তুলতে দেখা যায়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, হাসপাতালে সোনম ওয়াংচুকের জ্ঞান রয়েছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

তবে পুলিশের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি সাংবাদিকদের বলেন, তারা সোনম স্যারকে টেনেহিঁচড়ে নিয়ে গেছে। একজন ৬০ বছর বয়সী মানুষ, যিনি ২০ দিন ধরে অনাহারে অনশন করছেন, তাকে দিল্লি পুলিশ জোর করে তুলে নিয়ে গেল। তারা তাকে কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি।

সিজেপি আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে আগামী ২০ জুলাই ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন (মনসুন সেশন) শুরুর দিনে তারা পার্লামেন্ট ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন।