কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাতে চকরিয়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ২৫ বছরে কক্সবাজার অঞ্চলের কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অচিরেই মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বাস্তবতায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে আরো আধুনিক ও সক্ষম অবকাঠামোয় রূপান্তরের প্রয়োজন রয়েছে।
লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদিত লবণের সঠিক মূল্য থেকে দেশের অনেক লবণচাষি বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার মূল্য নির্ধারণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেবে, যাতে উৎপাদকরা ন্যায্য দাম পান।
প্রস্তাবিত জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, দুদিন আগে উপস্থাপিত বাজেট সাধারণ মানুষের কল্যাণ বিবেচনায় প্রণয়ন করা হয়েছে। দেশের কল্যাণে যারা কাজ করেন, তারা এরই মধ্যে বাজেটকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমে। তবে কিছু রাজনৈতিক মহল বাজেটের বিরোধিতা করে কর্মসূচি পালন করছে বলে উল্লেখ করে তিনি বলেন, যারা জনগণের স্বার্থে প্রণীত বাজেটের সমালোচনা করে, তারা প্রকৃত অর্থে জনগণের রাজনীতি করে না।
সুত্র:বণিক বার্তা
