ফয়সালদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেফতার: কলকাতা পুলিশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমাকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার পশ্চিমবঙ্গের নদীয়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে এক বার্তায় বাংলাদেশ উপ-হাইকমিশনকে জানিয়েছে কলকাতা পুলিশ।
বাংলাদেশ উপ-হাইকমিশন আরো জানিয়েছে, এরই মধ্যে গ্রেফতার ফিলিও সম্পর্কে অতিরিক্ত তথ্য জানাতে কলকাতা পুলিশকে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে ভারত সরকারকে কন্স্যুলার এক্সেস প্রদানের জন্যও অনুরোধ করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হেফাজতে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর জানিয়েছে, বাংলাদেশের হালুয়াঘাটের বাসিন্দা সাংমার সহায়তায় মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা।
ইন্ডিয়া টুডে বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকায় একটি অভিযান চালায় পশ্চিমবঙ্গ পুলিশের কমান্ডোরা। সেখান থেকেই ফিলিপ সাংমাকে গ্রেফতার করা হয়।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ একটি আন্তঃসীমান্ত পাচার চক্র পরিচালনার কথা স্বীকার করেছে। চক্রটি টাকার বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট এবং মেঘালয়ের ডালুপাড়ার মধ্যে অবৈধ যাতায়াতে সহায়তা করত।
এতে আরো বলা হয়, জিজ্ঞাসাবাদে ফয়সাল এবং আলমগীরকে মেঘালয়ের বনাঞ্চল দিয়ে ভারতে অনুপ্রবেশে সহায়তার কথাও স্বীকার করেছে ফিলিপ।
তদন্তকারীদের মতে, পরবর্তীতে বাংলাদেশের পুলিশের চাপ এড়াতে সে নিজেও সীমান্ত পার হয়ে ভারতে চলে আসে। এমনকি গ্রেফতারের আগ পর্যন্ত ফয়সাল এবং আলমগীরের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তাদের বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে।
ভারতে ফিলিপের গ্রেফতারের বিষয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, এ বিষয়ে তাদের কাছে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। তথ্য পেলে পরে বিস্তারিত জানানো হবে।