টাঙ্গাইলে ঘুষের টাকাসহ ভ্যাট কর্মকর্তা গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ | ১০২৬
টাঙ্গাইলে ঘুষ নেয়ার সময় হাতে নাতে বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
 
মঙ্গলবার দুপুরে দুদকের টাঙ্গাইলের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘুষ নেয়ার ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। 
 
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ভূঞাপুর উপজেলার মুক্তা ফুড প্রোডাক্ট নামের একটি কারখানার মালিক গৌবিন্দ কিশোর পালের কাছে নতুন ভ্যাট (১৩ ডিজিটের) রেজিস্ট্রেশন করার জন্য কাস্টমস অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ টাকা দাবি করেন। পরে ঘুষের বিষয়টি আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দেয় গৌবিন্দ কিশোর পাল। অভিযোগের ভিত্তিতে একটি টিম গঠন করা হয়। এই টিমের সদস্যরা মঙ্গলবার ওঁৎ পেতে থাকেন। পরে ঘুষ নেয়ার সময় হাতেনাতে নগদ ১৫ হাজার টাকাসহ মারুফকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে দুদকের আইনে মামলা দায়ের করা হবে। যদি এর সাথে কেউ আরো জড়িত থাকে তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে।