লোডশেডিংয়ের প্রতিবাদে এইচএসসি পরীক্ষার্থীদের টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৮ পিএম, বুধবার, ১ মে ২০১৯ | ৬৭৫

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বারো ঘণ্টা বিদ্যুৎ না থাকায় আজ বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ ও বিক্ষোভ করে ঘাটাইল উপজেলার এইচএসএসসি পরীক্ষার্থীরা।

টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজ এবং ঘাটাইল সরকারি জিবিজি কলেজের পরীক্ষার্থীরা ওই সড়কের ক্যান্টনমেন্ট মোড়ে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

প্রচণ্ড গরমে আটকে পড়া যাত্রীরা হাসফাঁস করতে থাকেন। পরে ঘাটাইল উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঘাটাইল জোনাল অফিস বিদ্যুৎ সরবরাহ চালু করলে পরীক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নেয়। ঘাটাইল জোনাল অফিস জানায়, বিদ্যুৎ ঘাটতি এবং সরবরাহ লাইনে ত্রুটি থাকায় এ সমস্যা হয়েছিল।