নাটোরে ট্রাক চাপায় স্ত্রী-সন্তানসহ তিনজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, রোববার, ২০ জানুয়ারী ২০১৯ | ৭১৮

নাটোরের বাগাতিপাড়ায় বালি বোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর স্ত্রী-সন্তানসহ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজার এলাকার ব্যবসায়ী খালেদ হোসেন রব (৩৩), তার স্ত্রী সোনিয়া বেগম (২৬) ও তাদের একমাত্র সন্তান তাসফি (৭)।

নিহত খালেদ হোসেন রব আড়ানী বাজারের খালেদ সু স্টোরের প্রোপাইটর খাইরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীও নিহতের স্বজনরা জানান, বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়ার কৈচরপাড়া গ্রামের রফিকুল ইসলাম নামের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত শেষে স্ত্রী-সন্তানকে নিয়ে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন খালেদ হোসেন রব।

রোববার বিকাল সোয়া চারটার দিকে পথে বাঁশবাড়িয়া ডিগ্রী কলেজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সংগে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজনই ঘটনাস্থলে মারা যান।

ঘটনার পর ট্রাক (রংপুর ট-০২-০০৫৯) রেখে চালক পালিয়ে যায়। বাগাতিপাড়া থানার ওসি (তদন্ত) স্বপন কুমার চৌধূরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।