ভ্রাম্যমান আদালতের অভিযান

নাগরপুরে তিনটি অবৈধ ড্রেজার জব্দ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৫ পিএম, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯ | ৬৪৬

টাঙ্গাইলের নাগরপুরে ৩ টি অবৈধ ড্রেজার (বোমা মেশিন) জব্দ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহি আফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

জানা যায়, উপজেলার বিভিন্নস্থানে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ড্রেজার নদীতে বসিয়ে বালু উত্তোলন করে আসছিল অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহি মেজিষ্ট্রেট সাবরিন চৌধুরী মঙ্গলবার সকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মাঝুটিয়া গ্রামের ধলেশ^রীর শাখা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ওই নদী থেকে তিনটি ড্রেজার জব্দ করা হয় এবং ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করেন ভ্রাম্যমান আদালত।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন চৌধুরী জানান, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক আমরা তাদের আইনের আওতায় আনব।