৪ নবজাতকের জন্ম এক মায়ের গর্ভে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | ৯৪৪

রাজধানীর বেসরকারি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এক মায়ের গর্ভে ৪ নবজাতকের জন্ম হয়েছে। চার শিশু ও তাদের মা সুস্থ আছেন।

নবজাতকদের মধ্যে একটা ছেলে ও তিনটা মেয়ে। ছেলেটির ওজন ১ কেজি ৮শ’ গ্রাম, মেয়েদের একটির ওজন ১ কেজি ৬শ’ গ্রাম ও অন্য দুটির ১ কেজি ৪শ’ গ্রাম।

অধ্যাপক নীলফার জানান, চার শিশু ও তাদের মা সুস্থ আছেন। তবে প্রি-ম্যাচিউর হওয়ায় মায়ের বুকের দুধ টেনে খেতে না পারায় তাদের নিওনেটাল আইসিইউতে রাখা হয়েছে। দু-একদিনের মধ্যে শিশুদের মায়ের কাছে দেয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জানা গেছে, কুমিল্লা জেলার দিপাড়া ইউনিয়নের গোপালনগ গ্রামের বাসিন্দা গৃহবধূ শাকিলা (২২) স্বাভাবিকভাবে সন্তান ধারণ করতে না পারায় গাইনি বিশেষজ্ঞদের পরামর্শে ওভুলেশন ইনডাকশনের মাধ্যমে গর্ভধারণ করেন।

১৫ দিন আগে শাকিলা হাসপাতালে ভর্তি হন। আলট্রাসনোগ্রামের মাধ্যমে শাকিলা আগে থেকেই জানতেন তার গর্ভে চারটি সন্তান রয়েছে। সোমবার সকালে তারা সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের। একসঙ্গে চার সন্তান প্রসবের ঘটনাটি জানাজানি হলে অনেকেই শিশুদের দেখতে ভিড় জমান। তবে নবজাতক নিবিড় যত্ন ইউনিট (এনআইসিইউ) থাকায় তাদের আশা পূরণ হয়নি।