ঝিনাইদহে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৫ পিএম, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮ | ৭১৪

ঝিনাইদহে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আযম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত হারুন অর রশিদ যশোর কোতয়ালী থানার চাউলিয়া গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে ও গোলাম মোস্তফা ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের হারেজ বিশ্বাসের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের বিসিক শিল্প এলাকা থেকে ৫০০ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ চালক হারুন অর রশিদকে আটক করে র‌্যাব। এ ঘটনায় ওইদিন চালক ও মালিক গোলাম মোস্তফার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানী শেষে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেন।