পরিবহন সংশ্লিষ্টরাসহ সর্বোপরি সকলের সহায়তাই হতেপারে নিরাপদ সড়কঃ জেলা প্রশাসক

এম, জুনাইদ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৫ পিএম, শুক্রবার, ১০ আগস্ট ২০১৮ | ৬৯১
সড়ক দুর্ঘটনা ও সড়ক বিশৃঙ্খলা রোধে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট ও সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এসময় তিনি বলেন-ট্রাফিক পুলিশ, বিআরটিএ, বাংলাদেশ আনসার ও বিএনসিসি সড়ক দুর্ঘটনা ও সড়ক বিশৃঙ্খলা রোধে সার্বিক সহায়তা অব্যাহত রেখেছে।
 
এছাড়া পরিবহন সংশ্লিষ্টরাসহ সর্বোপরি সকলের সহায়তাই হতে পারে নিরাপদ সড়ক। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আশরাফুল আফসার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ, বিআরটিএর কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে শহরের লিংক রোড এলাকায় লাইসেন্স ও ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে ভাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
 
জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সেলিম শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন পরিবহনের কাছ থেকে ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিআরটিএর মোটর পরিদর্শক আরিফুল ইসলাম টিপু, বিএনসিসি, আনসারসহ আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন