বজ্রপাতে নিহত ১৬, আহত অন্তত ১৪০ জন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, সোমবার, ১২ মার্চ ২০১৮ | ৬৪৯
প্রতীকী ছবিটি সংগৃহীত

রুয়ান্ডার এক গির্জায় বজ্রপাতে ১৬ জন মারা গেছেন। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ১৪০ জন।

১১ মার্চ, শনিবার রুয়ান্ডার দক্ষিণে পাহাড়ি শহর নিয়ারুগুরুর সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট গির্জায় এ ঘটনা ঘটে।

স্থানীয় মেয়র হাবিটেগেকো জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই ঘটনাস্থলে মারা গেছে। দু’জন মারা গেছেন পরে হাসপাতালে।

বার্তা সংস্থা এএফপিকে মেয়র জানান, চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন শুক্রবারে ১৮ জন শিক্ষার্থী একসঙ্গে থাকার সময় যে বজ্রপাত ঘটে, তাতে তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ওই গির্জায় বজ্রপাত প্রতিরোধ করার মতো প্রয়োজনীয় যন্ত্র বা ডিভাইস ছিল না বলে এ ঘটনায় এত মানুষ নিহত হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রায় সব গির্জার একই পরিস্থিতি। দুই সপ্তাহের কম সময়ের মধ্যে দেশটির ভবন নির্মাণ নীতিমালা এবং শব্দ দূষণ প্রতিরোধে ব্যর্থ হবার দায়ে ৭০০র বেশি গির্জা বন্ধ করে দেওয়া হয়েছে। 

কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে সচেতনতাও অনেক কম রয়েছে।

এমএমআর