টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪২ পিএম, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | ৭২

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এবং ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম প্রিন্স।

নিসচা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম তরফদার। আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা নিসচার কার্যনির্বাহী সদস্য এসএম শফিকুল আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শেখ মাহতাব উদ্দিন আহমেদ, জেলা বাস কোচ মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান শফিক এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তুহীন।

বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী, পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং পথচারীদের নিয়ম মেনে সড়ক পারাপারের অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। বক্তারা ‘একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না’—এই বাস্তবতা স্মরণ রেখে নিরাপদ সড়ক গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা টাঙ্গাইল জেলা শাখার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিবহন শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা।

অনুষ্ঠানের শেষ পর্বে নিসচার প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহত সবার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভায় সংগঠনটির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে জানানো হয়, ২০০১ সালে টাঙ্গাইল জেলা নিসচার কমিটি গঠিত হয়। তৎকালীন সময়ে কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মু. জোবায়েদ মল্লিক বুলবুল এবং সাধারণ সম্পাদক ছিলেন মাছুদুর রহমান মাসুদ। তাঁদের উদ্যোগেই টাঙ্গাইলে নিরাপদ সড়কের দাবিতে নিসচার মানবিক ও সামাজিক আন্দোলনের সূচনা হয়।

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।