ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ৪ ক্রু নিহত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, শনিবার, ১৪ মার্চ ২০২৬ | ৪১২

পশ্চিম ইরাকে মার্কিন সামরিক বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানে থাকা ছয়জন ক্রুর মধ্যে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। সেন্টকম জানায়, কোনো গুলিবর্ষণ বা আক্রমণের কারণে কেসি-১৩৫ মডেলের বিমানটি ভূপাতিত হয়নি। খবর বিবিসি।

সেন্টকম জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এছাড়া নিহত সেনাসদস্যদের পরিচয় এখনই প্রকাশ করা হয়নি; স্বজনদের খবর দেওয়ার জন্য নিয়ম অনুযায়ী অন্তত ২৪ ঘণ্টা সময় নেয়া হচ্ছে। সাধারণত একটি কেসি-১৩৫ বিমানে অন্তত একজন পাইলট, একজন কো-পাইলট এবং একজন বুম অপারেটর থাকেন, যিনি মূলত জ্বালানি সরবরাহের স্বয়ংক্রিয় হাতটি নিয়ন্ত্রণ করেন।

সেন্টকমের পক্ষ থেকে শুরুতে বলা হয়েছিল যে, বিমানটি একটি বন্ধুত্বপূর্ণ বা নিরাপদ আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে।