দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২০ পিএম, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৪৬

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন  দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানির উপযোগী করে তুলতে বর্তমান সরকার কাজ করছে ।

শনিবার দুপুরে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ, সার ও কৃষি সরঞ্জাম বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল সদরের একটি বৃহৎ অংশ চরাঞ্চল। চর এলাকার উন্নয়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। চরের অনেক পতিত জমি রয়েছে। এসব জমি চাষাবাদের আওতায় আনা গেলে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন, পাশাপাশি আশেপাশের জেলাগুলোতেও খাদ্য সরবরাহ বৃদ্ধি পাবে। এই প্রথম চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।  আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে। কৃষকরা যেন সঠিকভাবে সার পায়, সে জন্য সর্বোচ্চ তদারকি করা হচ্ছে। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না।

প্রান্তিক কৃষকদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সরকার ভবিষ্যতেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি। 
 
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী) এর পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।