বাগেরহাটে হরিণের মাংসসহ বাবা-ছেলে আটক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০০ পিএম, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১ | ৮০৫

বাগেরহাটের রামপালে হরিণের মাংসসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে রামপাল উপজেলার বগুরা ব্রিজ সংলগ্ন বগুরা খালের পাড় থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় দুটি হরিণের মাথাসহ ৪২ কেজি মাংস জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন, রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মৃত জমাত আলীর ছেলে আব্দুর রহমান শেখ (৫২) এবং তার ছেলে মোস্তাকিন শেখ (২৭)। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই গাজী ইকবাল হোসেনসহ পুলিশ সদস্যরা বগুরা নদীর তীরে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ পিতা-পুত্রকে আটক করে। তারা সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকার করে মাংস পাচারের জন্য ওই জায়গায় অপেক্ষা করছিলেন।