গাজীপুরে ট্রাক উল্টে নিহত দুই ব্যবসায়ী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ এএম, রোববার, ১৬ আগস্ট ২০২০ | ৭৬৫

গাজীপুর সদর উপজেলায় সড়ক দ্বীপে ধাক্কা খেয়ে পিকআপ উল্টে দুই কাপড় বিক্রেতা নিহত হয়েছেন। রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোণার কলমাকান্দা মহিষাশুর এলাকার সাকের আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৩২) ও একই জেলার দুর্গাপুর থানার সারিয়ার মাসকান্দা এলাকার মিয়াজ আলীর ছেলে মো. আমির হোসেন (৩০)।

নাওজোর হাইওয়ে থানা পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ভ্যানে করে তৈরি পোশাক বিক্রি করতেন তারা। টঙ্গী থেকে কাপড়ের বস্তা নিয়ে দুইজন পিকআপে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারান। পিকআপটি সড়ক দ্বীপে ধাক্কা খেয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এসময় দুইজনই পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।