দেবীগঞ্জে সাংবাদিককে মিথ্যা মামলায় হয়রানি

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৫ পিএম, সোমবার, ১০ আগস্ট ২০২০ | ১০২৬

পঞ্চগড়ে সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। জেলার দেবীগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী সাংবাদিক মোশারফ হোসেন ওরফে রিপন এই তথ্য নিশ্চিত করেন।

রিপন উপজেলা রিপোর্টার্স ক্লাব দেবীগঞ্জের যুগ্ন সা. সম্পাদক ও দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

মামলার নথি থেকে জানা যায়, মামলার বাদী সাগর হোসেন একজন হাঁসের খামারী। সাগর জয়পুরহাট জেলা সদরের জামালপুর কালীপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। শুক্রবার (০৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের ফুলবাড়ি বাজারে খামারী সাগর হোসেন মামলায় অভিযুক্ত  হুসেন আলীর অর্ডারকৃত ৩০০০ পিস হাঁসের বাচ্চা নিয়ে আসেন। ঘটনাস্থলে আসার পর হুসেন আলী এবং মামলায় অপর দুই অভিযুক্ত মোজাহার আলী ও রিপন খামারী সাগরকে ধারালো অস্ত্র দেখিয়ে হাঁসের বাচ্চা ও সাথে থাকা ৯০ হাজার টাকা ছিনতাই করেন।

এই বিষয়ে সাংবাদিক রিপন জানান, ঘটনার দিন (শুক্রবার) আমি ফুপা শ্বশুরের বাসায় ছিলাম। পরদিন (শনিবার) বাসায় আসার পর হাঁসের বাচ্চা ও টাকা ছিনতাই এর বিষয়টি জানতে পারি। বিষয়টি মিমাংসার জন্য শনিবার শেখবাধা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চিলাহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম উভয়পক্ষকে নিয়ে বসেন। সেসময় আমি সেখানে যাই। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টির কোন সুরাহা হয়নি।

পরে জানতে পারি ইউপি সদস্য রফিকুলের ইন্ধনে খামারী সাগর মামলা দায়ের করেন। যেখানে আমাকেও আসামী হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। পুরো বিষয়টি বানোয়াট। পূর্বের শত্রুতার জেরে ইউপি সদস্য রফিকুল হয়রানির উদ্দ্যেশ্যে আমাকেও আসামী করার পরামর্শ দেন সাগরকে।

এইদিকে ঘটনার রাতের একমাত্র প্রত্যক্ষদর্শী অহিদুল ইসলামের একটি অডিও রেকর্ড গণমাধ্যমকর্মীদের কাছে এসেছে। যার নাম মামলার নথিতে স্বাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অডিও রেকর্ডে অহিদুল বলেন, ঘটনার রাতে রিপন সেখানে উপস্থিত ছিলেন না।

উপজেলা রিপোর্টার্স ক্লাব দেবীগঞ্জের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, সারাদেশে সাংবাদিকদের বিভিন্ন ভাবে হয়রানির চেষ্টা অব্যাহত রয়েছে। রিপনকে মামলায় জড়ানোর বিষয়টি ব্যতিক্রম নয়।

উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে রিপনকে সব ধরণের সহযোগিতা করা হবে। সংগঠনের পক্ষ থেকে আমরা দেবীগঞ্জ থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলেছি। মামলার সুষ্ঠু তদন্ত হবে বলে তারা আশ্বস্ত করেছেন।

দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) রবিউল হাসান সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, মামলায় স্থানীয় এক সাংবাদিককে আসামী করা হয়েছে বলে জানতে পেরেছি। তবে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয় সেই ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।