কোনো মুক্তিযোদ্ধাকে ‘ভুয়া’ সম্বোধন করা যাবে না: হাইকোর্ট

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:২৯ এএম, মঙ্গলবার, ১৪ মে ২০১৯ | ৬৫৪

কোনও মুক্তিযোদ্ধাকে ‘ভুয়া’ বলে সম্বোধন করা যাবে না- এই মর্মে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। জাতির এসব শ্রেষ্ঠ সন্তানকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের কেউ যদি এটা করে, তাহলে তাদের তলব করা হবে বলেও হুশিয়ারি দিয়েছেন আদালত।

মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে মঙ্গলবার (১৪ মে) বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে আদালত বলেছেন, কোনও মুক্তিযোদ্ধাকে ভুয়া বলে সম্বোধন করা যাবে না। যদি সরকারি-বেসরকারি কোনও প্রতিষ্ঠান ও গণমাধ্যম এটা করে তাহলে তাদের তলব করা হবে।

আদালত আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা সনদ ভুয়া হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধারা কখনও ভুয়া হতে পারে না। তাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান করে ভুয়া মুক্তিযোদ্ধা শব্দের ব্যবহার করা যাবে না। একজন ভুয়া সনদধারীর কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুয়া বলা যায় না।’