নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসীল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮ | ৬৪৭

নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের একথা জানান তিনি।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি তেরিংক বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে তারা। নির্বাচন পর্যবেক্ষণে নভেম্বরের শুরুতেই একটি দল পাঠানো হবে বলেও জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি যখন প্রায় শেষের দিকে, তখন সাংবিধানিক এই সংস্থাটির সঙ্গে আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন।

ব্রিটিশ হাই কমিশনারসহ জোটের সাত দেশের রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে ইসি সচিবালয়ে বৈঠকে বসেন বাংলাদেশে নিযুক্ত ইইউ-এর রাষ্ট্রদূত। প্রায় দুই ঘন্টা ধরে চলা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।

পরে কমিশন সচিব সাংবাদিকদের বলেন, ইসির নির্বাচনী প্রস্তুতিতে আশ্বস্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নভেম্বরের প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত জনবল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলেও জানান কমিশন সচিব।