মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজ প্রণালির তেলদূষণ
হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় ছড়িয়ে পড়া তেলদূষণ এখন মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। অক্টোবরজুড়ে ক্ষেপণাস্ত্র ও মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে সাগরে অপরিশোধিত জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। এ দূষণ ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। এতে উপকূলীয় এলাকা দূষিত হওয়ার পাশাপাশি ডলফিন, সামুদ্রিক কচ্ছপ ও বিভিন্ন প্রজাতির মাছের আবাসস্থল হুমকিতে পড়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের আট মাসে বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি তেল পরিবহনপথ হরমুজ প্রণালি এখন রণক্ষেত্রের পাশাপাশি বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের কেন্দ্র হয়ে উঠেছে।
প্রণালিতে নৌ অবরোধ থাকায় সরেজমিনে দূষণের তথ্য সংগ্রহ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তবে কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ এবং পরিবেশ বিশেষজ্ঞ ও সামুদ্রিক জীববিজ্ঞানীদের বক্তব্য থেকে পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।
ঝুঁকিতে সামুদ্রিক প্রতিবেশ
হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও আরব সাগরের মধ্যে একমাত্র সামুদ্রিক পথ। এখানে রয়েছে প্রবালপ্রাচীর, ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক ঘাসের বিস্তৃত অঞ্চল। এসব বাস্তুতন্ত্র অসংখ্য সামুদ্রিক প্রাণীর আবাসস্থল। জল ও পুষ্টি উপাদানের চলাচল এবং সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর অভিবাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রণালিটি।
ফ্লোরিডার নোভা সাউথইস্টার্ন ইউনিভার্সিটির সামুদ্রিক জীববিজ্ঞানী বার্নহার্ড রিগল বলেন, যুদ্ধের কারণে উপসাগরের সীমাবদ্ধ জলরাশিতে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। জলবায়ু সংকটের কারণেই অঞ্চলটির পরিবেশ আগে থেকে চাপে রয়েছে।
তার ভাষ্য, উপসাগর অগভীর হওয়ায় গ্রীষ্মকালে বায়ুমণ্ডলের তাপ দ্রুত সমুদ্রের পানিতে ছড়িয়ে পড়ে। এতে প্রবাল, শৈবাল ও মাছ মারা যায়। এ তাপ কমিয়ে আনার মতো শীতল গভীর পানির প্রবাহও সেখানে নেই।
পাঁচ শতাধিক তেলদূষণের ঘটনা
গ্রিনপিসের স্যাটেলাইট পর্যবেক্ষণে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও আরব সাগরজুড়ে পাঁচ শতাধিক জ্বালানি তেলদূষণের ঘটনা শনাক্ত হয়েছে। সংস্থাটির হিসাবে, এসব দূষণের বিস্তৃতি যোগ করলে মোট আয়তন দাঁড়ায় প্রায় ২০ হাজার বর্গকিলোমিটার, যা ওয়েলসের প্রায় সমান।
গ্রিনপিসের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর তেলবাহী ট্যাংকারে ১৩৩টির বেশি হামলা হয়েছে। এর মধ্যে অক্টোবর ছিল সবচেয়ে ভয়াবহ মাস। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির হিসাবে, ওই মাসে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় ৩০টির বেশি হামলার ঘটনা নিশ্চিত বা প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে।
অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে জেম নং ২ নামের একটি সুপারট্যাংকারে হামলায় ৩৫ কিলোমিটারের বেশি দীর্ঘ তেলের স্তর ছড়িয়ে পড়ে।
দীর্ঘস্থায়ী ক্ষতির আশঙ্কা
যুদ্ধের পর থেকে ওমান ও ইরানের উপকূলসহ বিভিন্ন এলাকায় তেলদূষণ শনাক্ত হয়েছে। শিদভার দ্বীপের মতো সংরক্ষিত এলাকাও দূষণের ঝুঁকিতে পড়েছে। এসব এলাকায় প্রবালপ্রাচীর, সামুদ্রিক পাখি ও কচ্ছপের আবাস রয়েছে।
গ্রিনপিসের পরিবেশ বিপর্যয় মোকাবেলা বিশেষজ্ঞ নিনা নোয়েল বলেন, পলি, উপকূলীয় মাটি ও ম্যানগ্রোভের শিকড়ে দীর্ঘদিন আটকে থাকতে পারে জ্বালানি তেল। এতে সামুদ্রিক খাদ্যশৃঙ্খল ক্ষতিগ্রস্ত হবে এবং মাছ ধরার ওপর নির্ভরশীল উপকূলীয় জনগোষ্ঠী হুমকিতে পড়বে।
তার মতে, ম্যানগ্রোভ বন ও প্রবালপ্রাচীরের স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক দশক লেগে যেতে পারে। বারবার জ্বালানি তেল ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতি আরো বাড়বে।
১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধ এবং প্রথম উপসাগরীয় যুদ্ধের অভিজ্ঞতাও দীর্ঘমেয়াদি পরিবেশগত ক্ষতির প্রমাণ দেয়। ২০২২ সালের এক গবেষণায় সৌদি আরবের আবু আলী দ্বীপের মাটিতে ১৯৮৩-৮৫ সালের নওরুজ তেলদূষণের অবশিষ্টাংশ পাওয়া যায়।
রিগলের সতর্কবার্তা, বড় আকারের তেলদূষণের প্রভাব কয়েক দশক পর্যন্ত শনাক্ত করা সম্ভব। এটি এক প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী সংকট হয়ে উঠতে পারে। তার ভাষায়, ‘আমরা এমন কিছু হারাতে পারি, যা আর কখনো ফিরে পাওয়া সম্ভব হবে না।’
দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপিত
