টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল, ২০০ বস্তা চাল ও ক্ষুদ চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৪ পিএম, রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | ৮৩

টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর দোকানঘর জোরপূর্বক দখল এবং দোকানে থাকা প্রায় ২০০ বস্তা চাল ও ক্ষুদ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার, দোকানঘর ও মালামাল ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী হানিফ উদ্দিন। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

হানিফ উদ্দিন কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি। সংবাদ সম্মেলনে তিনি জেলা বিএনপিসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে হানিফ উদ্দিন বলেন, তিনি দীর্ঘ ৪৫ থেকে ৪৬ বছর ধরে কালিহাতীর হামিদপুর বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। সরকার থেকে দোকানঘর বরাদ্দ পাওয়ার পর তাঁর ছেলে ইমরান সিকদারের নামে লাইসেন্স নিয়ে সেখানে চালের ব্যবসা পরিচালনা করছিলেন। পাশাপাশি নিয়মিত সরকারি করও পরিশোধ করে আসছিলেন তাঁরা।

তিনি অভিযোগ করেন, প্রায় চার মাস ধরে ঘাটাইল দিগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁদের দোকান দখলে নেওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এ বিষয়ে তিনি ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ঘাটাইল থানায় লিখিত অভিযোগও করেছিলেন।

হানিফ উদ্দিন আরও বলেন, গত ২১ অক্টোবর সকালে বাজারে গিয়ে তিনি দোকানের তালা ভাঙা দেখতে পান। পরে দোকানে থাকা প্রায় ২০০ বস্তা চাল ও ক্ষুদ খোয়া যাওয়ার বিষয়টি তাঁর নজরে আসে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার পাশাপাশি বৈধ দোকানঘর ও মালামাল ফেরত দিতে প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুস সাত্তার। তিনি বলেন, “ঘটনাটি মিথ্যা। আমরা কোনো চাল লুট করিনি।”