ফাইনালে জিততে হলে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে: স্কালোনি

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:০০ পিএম, শনিবার, ১৮ জুলাই ২০২৬ | ৫৯

বিশ্বকাপ ফাইনালে স্পেনকে হারাতে হলে আর্জেন্টিনাকে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে বলে মন্তব্য করেছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, দুই দলই বল দখলে রেখে খেলতে পছন্দ করে। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে ছোট ছোট বিষয়ই পার্থক্য গড়ে দিতে পারে। খবর মুন্ডোস আলবেসিলেস্তে।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, প্রতিটি ম্যাচের মতোই প্রতিপক্ষকে বিশ্লেষণ করে প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা। ‘জিততে হলে আমাদের সেরা নৈপুণ্য মাঠে দেখাতে হবে। লক্ষ্য একটাই, শিরোপা জেতা।

ভক্তদের আবেগ ছুঁয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা (আর্জেন্টাইন খেলোয়াড়) সমর্থকদের জন্যই খেলে। একই সঙ্গে খেলোয়াড়দের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করে এই দীর্ঘ পথচলাকে সবার জন্য উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষ ম্যাচ শেষে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে কোলাকুলি প্রসঙ্গে স্কালোনি বলেন, মেসি তাকে ইতিহাস তৈরির কথা বলেছেন, কিন্তু মেসি নিজেই এক জীবন্ত কিংবদন্তি। ৩৯ বছর বয়সে মেসি যেভাবে দলকে ফাইনালে এনেছেন, তা অবিশ্বাস্য। তবে এটি মেসির শেষ ম্যাচ কি না, তা মেসির ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।

স্পেন প্রসঙ্গে স্কালোনি বলেন, দুই দলই বল দখলে রেখে খেলে। গত ডিসেম্বর থেকে আমরা সম্ভাব্য প্রতিপক্ষদের বিশ্লেষণ করছি। স্পেন টুর্নামেন্টে ধীরে ধীরে নিজেদের উন্নত করেছে এবং ফ্রান্সের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচে সেরাটা দেখিয়েছে।