জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না-নাহিদ ইসলাম

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:১২ পিএম, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ | ৪৫৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় দেওয়া হবে না। এক পার্সেন্ট ছাড় দেওয়া হবে না। যে মৌলিক সংস্কার এবং বন্দোবস্তের কথা আমরা বলেছি, সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। তিনি বলেন, গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি (জুলাই সনদ) আদায় না করে সরকার যেতে পারবে না। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুব সম্মেলন ২০২৫- এ এসব কথা বলেন তিনি। যুব সম্মেলন আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি।

যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন, ভোটাধিকার, গণতন্ত্রের জন্য আমাদের লড়াই ছিল। আমাদের এই মুহূর্তের বড় সংকট হলো স্থিতিশীলতা এবং রাজনৈতিক ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলের ছাড় দেয়ার মানসিকতা না থাকে তাহলে আরেকটা এক-এগারো আসবে।

তিনি বলেন, ছাড় দিতে দিতে আমরা শেষ পর্যায়ে এসেছি। আমরা এবার আর ছাড় দেব না। গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি (জুলাই সনদ) আদায় না করে সরকার যেতে পারবে না। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না।