টাঙ্গাইলের কারাগারেও বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, বুধবার, ১০ জুন ২০২৬ | ৪৯

ফিফা আয়োজিত বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এখন পুরো বিশ্বজুড়ে। টাঙ্গাইল জেলা কারাগারের চার দেয়ালের ভেতরেও সেই আনন্দের ছোঁয়া এবার লেগেছে। কারাবন্দীদের বিশ^কাপ ফুটবলের আনন্দ উপভোগ করার সুযোগ করে দিতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

কারাগার সূত্রে জানা গেছে, উত্তর আমেরিকা মহাদেশে চলমান বিশ্বকাপ ফুটবলের আমেজ থেকে যেন বন্দীরা বঞ্চিত না হন- সেজন্য টাঙ্গাইল জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডেই নতুন টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে বন্দীরা সরাসরি বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন। 

এ বিষয়ে টাঙ্গাইলেল জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক জানান, তিনি নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দীরা তাঁর কাছে বিশ্বকাপ ফুটবল দেখার আকুতি জানান। একজন স্বাভাবিক মানুষের মতো কারাবন্দীদেরও খেলাধুলার আনন্দ উপভোগ করার অধিকার রয়েছে- এই মানবিক তাড়না থেকেই তিনি দ্রুত কারাগারে টিভি স্থাপনের উদ্যোগ নেন।

টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, কারাগারে টেলিভিশন চালুর পর থেকে বন্দীদের মাঝে উপচে পড়া আনন্দ ও ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এই উদ্যোগের ফলে বন্দীদের মানসিক অবস্থার উন্নতির পাশাপাশি কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ছে।