আগামী ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ | ৫৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতির ঐতিহ্য যা মিশে আসে কৃষক ভাই বোনদের সাথে। এর লক্ষ্যেই কৃষক কার্ড উদ্বোধনের জন্য দিনটিকে বেছে নেয়া হয়েছে। এই সরকার জনগণের সরকার। তাই নির্বাচনে দেয়া প্রতিশ্রুতিগুলো কালী মুছার আগেই বাস্তবায়ন করছে সরকার।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকের এই প্রি-পাইলটি প্রজেক্টের মাধ্যমে ২২ হাজার কৃষক এই কৃষক কার্ড পাচ্ছেন। কৃষকরা নতুন করে হিসেবের খাতা খুলতেন, সেখান থকে পহেলা বৈশাখের অনুষ্ঠানের। পহেলা বৈশাখ কৃষকদের সঙ্গে জড়িত বলেই কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলাম।

তিনি আরও বলেন, দেশের ১১টি উপজেলায় প্রায় ২২ হাজার কৃষককে কৃষক কার্ড দেয়া হয়েছে। ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকদের হাতে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে। দেশের কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। বর্তমান সরকারের লক্ষ্য কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলা।

তিনি বলেন, কৃষক কার্ডে থাকছে ১০ টি সুবিধা, এর মাধ্যমে কৃষকের অবস্থার পরিবর্তন হবে। কৃষক সচ্ছল থাকলে সমগ্র বাংলাদেশ ভাল থাকবে। খাদ্যঘাটতি মেটাতে, ফসল সংরক্ষণে দেশের বিভিন্ন প্রামতে কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খাল ও নদী খননের মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর বাড়বে। এখন দেশ গড়ার সময়। নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। বিএনপির লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন।

কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী। এসময় কৃষক কবির হোসেন ও কৃষাণী জুলেখা বেগমও বক্তব্য রাখেন। 

ভাষণ শেষে পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর পর তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।