টাঙ্গাইলে ৫ টাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | ৭২

টাঙ্গাইলের মাত্র পাঁচ টাকায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে রান্না করা  দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের শহীদ মিনারে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে খাবার বিতরণ করা হয়। ৫ টাকায় খাবার খেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা। 

দুপুর আড়াইটা থেকে খাবারের জন্য পাঁচ টাকার টোকন সংগ্রহ করে অপেক্ষা করতে থাকেন সুবিধাবঞ্চিত শিশু, রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষজন। মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেটভরে মিক্স খিচুড়ি মুরগির মাংস খান তারা। এসময় প্রায় সাড়ে ৩শ’ মানুষকে খাবার বিতরণ করা হয়। 

সরেজমিনে দেখা যায়, ৫ টাকায় দুপুরের খাবার জন্য প্রথমে টোকেন সংগ্রহ করছেন নিম্ন আয়ের মানুষজন। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবৃত্তদেরও খাবার সংগ্রহ করতে দেখা যায়। তবে বেশির ভাগ মানুষ রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষজন। তারা সুশৃঙ্খলভাবে খাবার সংগ্রহ করছেন।

খাবার বিতরণের সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দা তাসমো, সামিউল হাসান সাদি, সভাপতি শাহিন সরকার, সাধারণ সম্পাদক মারুফ শিকদার, আলোকিত জীবন ফাউন্ডেশনের ফাউন্ডার শাম্মী হুদা, লন্ডন প্রবাসী সংগ্রাম মোহাম্মদ প্রমুখ উপিস্থত ছিলেন।

খাবার নিতে আসা রিকশা চালক মো. রাসেল বলেন, রিশকা চালিয়ে আমরা দুপুরে ঠিক মতো খেতে পারি না। মাত্র ৫ টাকায় খাবার সংগ্রহ করলাম। এতো কম টাকায় এর আগে কখনোই খাবার পায়নি। 
আরেক রিকশা চালক সামিউল বলেন, রিকশা চালিয়ে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর। অনেক সময় দুপুরে আমরা না খেয়ে থাকি। মাত্র ৫ টাকার বিনিময়ে রান্না করা খাবার পেয়ে আমরা খুশি। 

আয়োজকরা জানায়, প্রতিমাসের দ্বিতীয় কিংবা তৃতীয় শুক্রবারের তারা ৫ টার বিনিময়ে দুপুরের খাবার বিতরণ করেন। সংগঠনের বেশির ভাগই শিক্ষার্থী। প্রায় দেড় বছর ধরে তারা এ কার্যক্রম করছেন। 

সংগঠনের সভাপতি শাহিন সরকার বলেন, এ খাবারকে কেউ যেন ফ্রি খাবার বা ভিক্ষাবৃত্তি মনে না করেন সেজন্য ৫ টাকা করে নেওয়া হয়। নিজ অর্থায়নেই আমরা নিম্ন আয়ের মানুষের মধ্যে খাবার বিতরণ করছি। প্রতি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় শুক্রবারে এ খাবার বিতরণ করা হয়ে থাকে। হতদরিদ্র মানুষদের খাবার আয়োজন করতে পেরে আমাদের খুব ভালো লাগে।

তিনি আরো বলেন, যে কেউ আমাদের এ কাজে সহযোগিতা করতে পারে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।