প্রতিদ্বন্দ্বী নেই, সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ | ৭৯০

মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। 

এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। সেই অনুযায়ী, তার ৫ বছরের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে।

ইসি জানায়, ১২ ফেব্রুয়ারি দাখিল করা মনোনয়নপত্র পরীক্ষার পর, মাত্র একজনের মনোনয়ন বৈধ থাকায় মোহাম্মদ সাহাবুদ্দিনকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ধারা ৭ অনুসারে তিনি নির্বাচিত হয়েছেন।

গতকাল রবিবার সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের পক্ষ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়। মোহাম্মদ সাহাবুদ্দিন আওয়ামী লীগের বর্তমান কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য।