ঢাকায় আসছেন ভারতীয় সেনাপ্রধান

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ এএম, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ | ৬৩৬

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে ঢাকায় আসছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। পাঁচদিনের সফরে আজ বৃহস্পতিবার তিনি ঢাকায় এসে পৌঁছাবেন। ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে তাঁর স্ত্রী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল থাকবেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জেনারেল মনোজ মুকুন্দ নরভানে বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধা জানাবেন তিনি। 

এই সফরে দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।