পার্বত্যে মন্ত্রী হচ্ছেন সাচিং প্রু, ধর্মে প্রতিমন্ত্রী শামীম কায়সার

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ পিএম, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | ৫০

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু দায়িত্ব পাচ্ছেন বলে জানিয়েছে বিএনপি সূত্র। এছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার (লিংকন)।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দায়িত্ব প্রাপ্তদের নাম ঘোষণা আজ বা আগামীকাল হতে পারে। তবে রাষ্ট্রপতির শপথের পরদিনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব নেয়ার পর গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত মন্ত্রীসভার প্রথম বৈঠকে কাজের মূল্যায়নের বিষয়টি তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বৈঠক সূত্রে জানা যায়, সরকারের প্রথম ছয় মাসের কাজের অগ্রগতি বিবেচনায় নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কোনো গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মন্ত্রীকে সরিয়ে দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এদিকে গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। রাঙামাটি পার্বত্য জেলা থেকে নির্বাচিত এ সংসদ সদস্য প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এক চিঠিতে পদত্যাগের আবেদন করেন। এরপরই মূলত শূন্য হয়ে যায় মন্ত্রীর পদটি। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেন দীপেন দেওয়ান। মোট ৩ মাস ১৫ দিন ধরে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদটি শুরু থেকেই শূন্য থাকায় সে দায়িত্বে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার (লিংকন) আসছেন বলে বিএনপি সূত্রে জানা গেছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সুত্র:বণিক বার্তা