নরেন্দ্র মোদির চিঠি

জুবায়দা ও জাইমাসহ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ পিএম, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৫৫

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে তিনি বলেছেন, ‍‍‍ড. জুবাইদা রহমান এবং আপনার কন্যা জাইমাসহ আপনাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে আপনার জন্য আন্তরিক অভ্যর্থনা অপেক্ষা করছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক্স হ্যান্ডেলের একটি পোস্ট ও ১৬ ফেব্রুয়ারি তারিখ উল্লেখ করা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া নরেন্দ্র মোদির চিঠি গণমাধ্যমকে অবহিত করেছে।

চিঠিতে নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশে সদ্য সমাপ্ত সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির বিজয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এ দফতরের সর্বোচ্চ দায়িত্ব গ্রহণের প্রাক্কালে আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। এ বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার আপনার দৃষ্টিভঙ্গির প্রতি তাদের ম্যান্ডেটের সাক্ষ্য।

মোদি আরো বলেন, দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে গভীর প্রোথিত বন্ধুত্ব, যা অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত। নিজ নিজ উন্নয়ন অগ্রাধিকারের মধ্যে দৃঢ় সমন্বয় আমাদের ভবিষ্যৎ সহযোগিতার জন্য পথনির্দেশক নীতি হিসেবে কাজ করবে।

নরেন্দ্র মোদি বলেন, আমাদের বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করতে, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা, পাশাপাশি সাংস্কৃতিক ও জনগণ-জনগণ বিনিময়সহ বিস্তৃত ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি। দ্রুত বিকাশমান অর্থনীতি ও প্রত্যাশাপূর্ণ সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ পরস্পরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক হতে পারে, পরস্পরের নিরাপত্তার জন্য কাজ করতে পারে এবং পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারে।

মোদি বলেছেন, আমি এ সুযোগে ড. জুবাইদা রহমান এবং আপনার কন্যা জাইমাসহ আপনাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে আপনার জন্য আন্তরিক অভ্যর্থনা অপেক্ষা করছে। আপনার সুস্বাস্থ্য ও সাফল্য এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।

সুত্র:বণিক বার্তা